বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী


admin প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ /
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আজ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

অনলাইন ডেস্ক: ঢাকা, ২১ মে, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ শুরু করেছে।

আজ সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অফিসকক্ষে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশনস (অফকম) এর অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, ‘অফকম-এর অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণে কাজে লাগানো যেতে পারে।’

যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে তথ্যমন্ত্রীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অফকম-এর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এদিন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলিও পৃথকভাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

এদিন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলিও পৃথকভাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

এদিকে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলিও সাক্ষাৎকালে তথ্যমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তার সঙ্গে সাক্ষাতেও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একইসঙ্গে দেশের জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়।

এ চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান বিশ্বে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, ঠিক তেমনি এটি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।’

তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

সুত্র: বাসস

Bangla Photocard Generatorv3.7