জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা নির্বাচনী গণসংযোগ করেছেন। তিনি, ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল গাড়িবহর নিয়ে এ গণসংযোগ করেন তিনি। সোমবার (২১ জুলাই) সকালে পশ্চিম হাসামদিয়া সার্ভিস রোড সংলগ্ন উপজেলা খেলাফত মজলিশ কার্যালয়ের সামনে থেকে এ গণসংযোগ শুরু হয়। এ সময় তিন শতাধিক মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস উপজেলার কয়েকটি ইউনিয়ন প্রদক্ষিণ করে। পরে, প্রার্থীর বাসভবন আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় পৌঁছে এ গণসংযোগ কার্যক্রম শেষ হয়।
জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীন সহ অসংখ্য নেতা কর্মী ও সমর্থক এ গণসংযোগে অংশ নেয়।
এ সময় মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন- আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠে আছি। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছি। আমি নির্বাচনে বিজয়ী হতে পারলে আমার নির্বাচনী এলাকার সর্বোত্র উন্নয়নে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন- আমাদের আমির আল্লামা মামুনুল হক ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। ঘোষণার পর আমরা এ আসনে মোটর শোভাযাত্রা করছি। আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে শুধু ভাঙ্গা নয় পুরো দেশটিকেই সুন্দর করে গড়ে তুলতে কাজ করবো। ইসলামী দল হিসেবে আমাদের দায়িত্ব ইসলামের হাল ধরা। আমরা রাসুলের আদর্শের সৈনিক। আমরা এমন ইতিহাস গড়তে চাই যেন মানুষ যুগ যুগ ধরে দেখে কিভাবে একটি দেশকে ইসলামের দিকে এগিয়ে নেওয়া যাওয়া যায়। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই।
Reporter Name 









