নুরুল আফছার, স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত জেনারেল হাসপাতাল (মেমন হাসপাতাল-২)-এ ১৫ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার ও র্যাপিড এন্টিজেন টেস্ট কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২৬ জুন) নগরের আলকরণ এলাকায় অবস্থিত হাসপাতাল ভবনের তৃতীয় তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “এই আইসোলেশন সেন্টারে ১৫টি শয্যার মধ্যে ১০টি পুরুষ ও ৫টি নারী রোগীর জন্য নির্ধারিত। ভবিষ্যতে শয্যার সংখ্যা বাড়িয়ে ২০ করা হবে।”
তিনি জানান, আইসোলেশন সেন্টারে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসক, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় স্টাফ নিয়োজিত রয়েছে। রোগীদের প্রাথমিক অবস্থায় র্যাপিড এন্টিজেন টেস্ট ও জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘অমিক্রন’-এর ভয়াবহতা প্রসঙ্গে মেয়র জানান, চট্টগ্রামে ইতোমধ্যে প্রায় ১০০ জন আক্রান্ত হয়েছেন এবং ৬ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “অমিক্রন ডেলটার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠছে, কারণ উপসর্গ না থাকলেও অনেকের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। তাই উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে এই সেন্টারে এসে আইসোলেশনে থাকতে হবে। গুরুতর রোগীদের ভেন্টিলেটর সুবিধাসম্পন্ন হাসপাতালে রেফার করা হবে।”
মেয়র আরও বলেন, “করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতা। আমরা আগেও একসাথে এই সংকট মোকাবেলা করেছি, এবারও পারব ইনশাআল্লাহ।”
করোনার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন মেয়র। তিনি জানান, ডেঙ্গুর জন্য আলাদা এন্টিজেন টেস্ট ও চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া এডিস মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে চসিক।
তিনি বলেন, “নগরবাসীকে সচেতন হতে হবে। প্লাস্টিক, ডাবের খোসা, টব ও নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। শুধু শহর নয়, আমাদের নিজ ঘরও পরিষ্কার রাখতে হবে।”মেয়র আরও জানান, মশক নিধনে চসিকের চলমান অভিযানে ক্লাব ও স্থানীয় সংগঠনগুলোকে মেশিন ও ওষুধ সহায়তা দেওয়া হচ্ছে।
জীবাণুনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “২০২০ সালে আমি প্রথম বলেছিলাম—ভাইরাল ডিজিজ প্রতিরোধে ০.৫ শতাংশ ক্লোরিন সলিউশন কার্যকর। বাসা, রাস্তা ও হাসপাতাল পরিষ্কারে এটি ব্যবহার করলে অনেক রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”
উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনা আরা বেগম, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডা. বেলায়েত হোসেন ঢালি, ডা. এস এম সারোয়ার আলমসহ চসিকের অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 









