পাহাড়তলী থানার লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুকুরে অভিযান


editor প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ /
পাহাড়তলী থানার লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুকুরে অভিযান

আফছার, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পাহাড়তলী থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ সোমবার (৪ নভেম্বর) দুপুরে সাগরিকা বিটাক মোড় এলাকার ব্রাহ্মণ পুকুরে জাল ফেলে অভিযান চালায়। গ্রেপ্তারকৃত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পরও পুকুরে কোনো অস্ত্র পাওয়া যায়নি, তবে থানার লুটের ঘটনায় চুরি হওয়া দুটি মোটরসাইকেল পুকুর থেকে উদ্ধার করা হয়।

এরপর, পাহাড়তলী থানা পুলিশ বিকেল থেকে ইস্পাহানি রেলগেট এলাকার পাহাড়ে অভিযান চালায় এবং সেখানে থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের পর পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় চট্টগ্রাম নগরের কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানায় আগুন দেওয়া হয় এবং অস্ত্রাগার লুট করা হয়। লুটের ঘটনায় থানাগুলো থেকে আটটি পিস্তল, দুটি চাইনিজ রাইফেল, তিনটি এসএমজি, ছয়টি শটগান এবং ৩৫টি মোটরসাইকেল চুরি হয়, যেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে এবং পরবর্তীতে এই ঘটনায় আরও পদক্ষেপ নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7