রাজশাহীর সাবেক এমপি কালাম কারাগারে


editor প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ৭:০৪ PM /
রাজশাহীর সাবেক এমপি কালাম কারাগারে

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের আদেশে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালত থেকে বের করা হলে বিক্ষুব্ধ জনতার একজন সাবেক এমপি কালামের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। তবে হেলমেট পরা থাকায় রক্ষা পান কালাম। এসময় পুলিশ দ্রুত তাঁকে প্রিজন ভ্যানে তুলে নেয়।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আমান উল্লাহ বলেন, বৃহস্পতিবার বিকেলে সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক সাইফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে বাগমারা থানা-পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচটি মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে সব মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ আগে বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পান। এরপর মেয়রের পদ ছেড়ে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে স্ত্রী খন্দকার শাইলা পারভীনকে পৌরসভার মেয়র করেন তিনি।

Bangla Photocard Generatorv3.7